২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ২০:০৮ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২০:০৮

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা শেখানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ যুগে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বাস্তবতায় সরকার আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই শিক্ষার বিষয়বস্তু যুক্ত করা হবে।

শ্রেণিভিত্তিক পাঠ্যবিষয়ের বিষয়ে মন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবটিক্স রাখা হয়েছে। সপ্তম শ্রেণিতে থাকবে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ।

অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিংয়ের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে থাকবে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের বিষয় যুক্ত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআই ব্যবহার শেখালেই হবে না, এআইয়ের দেওয়া তথ্য কীভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শিক্ষার্থীদের শেখাতে হবে। সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে তথ্য যাচাই ও ডিপফেক-সংক্রান্ত বিষয় যুক্ত করার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরও বয়স উপযোগী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং ও অনলাইন নিরাপত্তা শেখানো প্রয়োজন।

পাঁচ হাজার প্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। এ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকা বলে জানান তিনি।

এ ছাড়া নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।

শিক্ষামন্ত্রী জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০২৬ সালের এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা। সেখানে এআইয়ের অপব্যবহার রোধ এবং শিক্ষায় এর দায়িত্বশীল প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে।

পুরোনো ডিজিটাল ল্যাবের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সংসদ সদস্য রাশেদা বেগম হীরা প্রশ্নের জবাবে বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। শিক্ষামন্ত্রীকে নিজ নির্বাচনি এলাকায় গিয়ে এসব ল্যাবের কার্যকারিতা যাচাই করার আহ্বান জানান তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার আইসিটি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে এ খাতে বাজেটে বরাদ্দ রেখেছে। সংসদ সদস্য যে প্রত্যাশা করছেন, সে অনুযায়ী সরকার কাজ করছে এবং আগামী দিনে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডার, স্পিকার বললেন ‘ওয়ালাইকুম সালাম না শুনেই শুরু করলেন’
সর্বশেষ খবর
আ.লীগ সরকারের শেষ দশকে ঋণের বোঝা বেড়েছে ৩০০ শতাংশ
আ.লীগ সরকারের শেষ দশকে ঋণের বোঝা বেড়েছে ৩০০ শতাংশ
ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকের মতামত নেওয়ার আহ্বান ২৯ নাগরিকের
ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকের মতামত নেওয়ার আহ্বান ২৯ নাগরিকের
টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা
টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’