জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার ইতোমধ্যে একাধিক নীতিগত সহায়তা দেওয়া শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা ও শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে মাহদী আমিন বলেন, দেশে নিজস্ব গ্যাস কূপ অনুসন্ধান, নতুন এফএসআরইউ স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে এবং আমদানির ওপর স্থায়ী নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সম্পদের মাধ্যমে টেকসই জ্বালানি নিরাপত্তা সুসংহত করাই বর্তমান নীতি।
বর্জ্যকে সম্পদে রূপান্তরের বৈশ্বিক পদ্ধতি সব শিল্পে প্রয়োগের তাগিদ
সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি জানান, শিল্পবর্জ্য, অপরিশোধিত পানি ও রাসায়নিক বর্জ্যকে কার্যকর উপযোগিতায় রূপান্তর করে তা থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন করা সম্ভব।
৩০০টি লিড সার্টিফাই পরিবেশবান্ধব সবুজ কারখানা বিশ্বের পথপ্রদর্শক
তৈরি পোশাক খাতের চমৎকার পরিবেশবান্ধব পরিবর্তনের চিত্র তুলে ধরে মাহ্দী আমিন জানান, এককভাবে শুধু পোশাক খাতেই বাংলাদেশে আজ প্রায় ৩০০টি লিড সার্টিফাইড পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে। বিশ্বমঞ্চে সৃজনশীলতা, পরিবেশবান্ধব রূপান্তর এবং কাঠামোগত সক্ষমতার দিক থেকে এসব কারখানা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ও বিশ্বকে পথ দেখাচ্ছে।
টেকসই উন্নয়নের চার স্তম্ভ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের টেকসই উন্নয়নের পথনকশার মূল চারটি স্তম্ভের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পরিবেশের সুরক্ষা, ব্যক্তির ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা, নতুন সম্ভাবনাময় শিল্পের বিকাশ এবং সুশাসন ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। এই লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক অংশীদার এবং বেসরকারি খাতকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, ঢাকার নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন প্রমুখ।