প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা: কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব

আতিক হাসান শুভ
১৪ নভেম্বর ২০২৬, ২২:০০ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২২:০০

প্রত্যেক সংসদ সদস্যের (এমপি) জন্য ৫ কোটি টাকা করে বিশেষ উন্নয়ন বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। ৩০০ সংসদ সদস্যের জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকার এই প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচনী এলাকার মানুষের জরুরি চাহিদা পূরণে অর্থ ব্যয় করা হবে। তবে প্রস্তাবিত অর্থের উৎস উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়ন তহবিল। ফলে স্থানীয় সরকারের নিজস্ব উন্নয়ন কার্যক্রমে এর প্রভাব এবং তৃণমূলের উন্নয়ন সিদ্ধান্তে সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী এলাকায় মানুষের জরুরি প্রয়োজন মেটাতে বিশেষ বরাদ্দের যৌক্তিকতা থাকতে পারে। তবে অতীতে সংসদ সদস্যদের জন্য দেওয়া উন্নয়ন বরাদ্দের ব্যবহার নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ রয়েছে। এ কারণে প্রস্তাবিত অর্থের প্রয়োজনীয়তার পাশাপাশি এর উৎস, ব্যয়ের নিয়ন্ত্রণ ও জবাবদিহির কাঠামো নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে দুটি পৃথক চিঠি পাঠান। প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের জন্য ৫ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা এবং সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের জন্য ১৮০ কোটি টাকা চাওয়া হয়েছে। সব মিলিয়ে বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকা।

চিঠিতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষের কল্যাণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার সচিব চিঠিতে উল্লেখ করেন, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় মানুষের প্রত্যাশা বেড়েছে। নির্বাচনী এলাকায় গিয়ে সংসদ সদস্যরা সাধারণ মানুষের ছোটখাটো, কিন্তু জরুরি সমস্যার কথা শুনছেন। অথচ বিদ্যমান ঐচ্ছিক তহবিলের সীমিত বরাদ্দ দিয়ে এসব চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

সরকার ও বিরোধী দল সমান বরাদ্দ পাবে

অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সংসদ সদস্যদের জন্য বর্তমানে ঐচ্ছিক তহবিলে যে বরাদ্দ রয়েছে, তা খুবই নগণ্য। মাত্র ৫ লাখ টাকা দিয়ে নির্বাচনী এলাকার মানুষের কতটুকু চাহিদা পূরণ করা সম্ভব, সেই প্রশ্ন রয়েছে। এ কারণে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের সম্মতিক্রমে চিঠি দেওয়া হয়েছে। এতে কোনও ভেদাভেদ নেই। সরকারদলীয় সংসদ সদস্যরা যা পাবেন, বিরোধী দলের সংসদ সদস্যরাও তা-ই পাবেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে এমপিদের জন্য ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা করে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়ার নজিরও রয়েছে। সেই তুলনায় এটা তো অনেক কম। তাছাড়া এই টাকা তো সব এমপি নিজের এলাকার উন্নয়নের স্বার্থেই ব্যবহার করবেন।’

তবে সমান বরাদ্দের যুক্তির পাশাপাশি প্রশ্ন উঠেছে, জনসংখ্যা, দারিদ্র্য, অবকাঠামোগত ঘাটতি ও এলাকার বাস্তব চাহিদা ভিন্ন হলেও সব নির্বাচনী এলাকায় একই পরিমাণ অর্থ দেওয়া কতটা যৌক্তিক।

অতীতের বরাদ্দ ও অনিয়মের অভিজ্ঞতা

সংসদ সদস্যদের জন্য বিশেষ উন্নয়ন বরাদ্দ নতুন নয়। অতীতে নির্বাচনী এলাকাভিত্তিক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এমপিপ্রতি ১৫ কোটি ও ২০ কোটি টাকা বরাদ্দের নজির রয়েছে। বর্তমান সরকারের আমলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) মাধ্যমে নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যপ্রতি ৫ বছরে ৫০ কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। ওই প্রকল্পে সংসদ সদস্যদের অগ্রাধিকার দেওয়া সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

ফলে নতুন ৫ কোটি টাকার প্রস্তাব আগের উন্নয়ন উদ্যোগগুলোর সঙ্গে কীভাবে সমন্বিত হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন উন্নয়ন সংশ্লিষ্ট গবেষকরা।

২০২০ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক গবেষণায় ৫০টি সংসদীয় আসনের ৬২৮টি উন্নয়নকাজ পর্যালোচনা করে। এতে নিম্নমানের কাজ, ঠিকাদার ও সংশ্লিষ্টদের মধ্যে অনৈতিক লেনদেন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের চিত্র উঠে আসে। উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত স্বচ্ছতা ও তদারকির ঘাটতির কথাও উল্লেখ করা হয় গবেষণায়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অতীত অভিজ্ঞতা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, থোক বরাদ্দের সিংহভাগই উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহৃত হয়। এর মাধ্যমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জনগণের অর্থ অপচয়ের সুযোগ তৈরি হয়। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা, তারা অতীতের এ চর্চা থেকে বেরিয়ে আসবে।

স্থানীয় সরকারের তহবিলে রাজনৈতিক নিয়ন্ত্রণের আশঙ্কা

প্রস্তাবিত অর্থের উৎস নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে। উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এই অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। এতে স্থানীয় সরকারের নিজস্ব অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্ব ও ক্ষমতার ভিত্তি নির্ধারিত রয়েছে। অন্যদিকে সংসদ সদস্যদের মূল সাংবিধানিক দায়িত্ব আইন প্রণয়ন ও সরকারের জবাবদিহি নিশ্চিত করা। যদিও প্রচলিত আইনে স্থানীয় উন্নয়নে সংসদ সদস্যদের পরামর্শমূলক ভূমিকা রয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের বাজেট ৪০ হাজার ২৪৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় প্রায় ৯ শতাংশ কম। এমন পরিস্থিতিতে বিদ্যমান উন্নয়ন তহবিল থেকে অর্থ পুনর্বণ্টনের প্রভাব মূল্যায়নের দাবি উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষক রুহিন হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমত, এমপি-মন্ত্রীদের জন্য স্থানীয় উন্নয়নের যে বরাদ্দ দেওয়া হয়, আমার বিবেচনায় আমাদের সংবিধান তা সমর্থন করে না। অর্থাৎ, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। দ্বিতীয়ত, স্থানীয় সরকারকে শক্তিশালী করার যে কথা আমরা বলি, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয়ত, এ ধরনের বরাদ্দের মধ্য দিয়ে এমপিদের জমিদারতন্ত্রের ভূমিকায় অবতীর্ণ হওয়ার সুযোগ তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু গণতন্ত্রের পথে চলার চেষ্টা করছি, তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে না পারলে গণতন্ত্রের সুফল প্রকৃত জনগণের কাছে পৌঁছাবে না। সেটি বিবেচনায় নিয়ে এ ধরনের বরাদ্দের পথ থেকে দূরে থাকা দরকার এবং এমপিদেরও দূরে রাখা দরকার। স্থানীয় সরকারের মাধ্যমেই সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে এই অর্থ ব্যয় করা উচিত।’

অর্থ ব্যয়ের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে

প্রস্তাবিত বরাদ্দ অনুমোদিত হলে প্রকল্প বা সুবিধাভোগী নির্বাচন, অর্থ ছাড়, বাস্তবায়ন ও নিরীক্ষার দায়িত্ব কার হাতে থাকবে, তা স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সংসদ সদস্যদের সুপারিশে অর্থ ব্যয় হবে, নাকি তারা সরাসরি ব্যয়ের সিদ্ধান্ত নিতে পারবেন, সে বিষয়ে নীতিমালা থাকা জরুরি।

তাদের মতে, অর্থ ব্যয়ের তথ্য প্রকাশ, স্থানীয় জনগণের অংশগ্রহণ, স্বাধীন নিরীক্ষা এবং অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত না হলে বিশেষ বরাদ্দ রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হয়ে ওঠার ঝুঁকি থাকবে। ফলে মানুষের জরুরি চাহিদা পূরণের যুক্তিতে প্রস্তাবিত এই বরাদ্দের ক্ষেত্রে অর্থের উৎস ও ব্যয়ের নিয়ন্ত্রণ কীভাবে নির্ধারিত হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
সর্বশেষ খবর
প্রতিষ্ঠাতা বিদায় নিলে কী হয় প্রযুক্তি প্রতিষ্ঠানের?
কী, কেন, কীভাবে প্রতিষ্ঠাতা বিদায় নিলে কী হয় প্রযুক্তি প্রতিষ্ঠানের?
ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ
ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ
রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
দুর্ঘটনায় আহত থানার সেকেন্ড অফিসার এসআই মারা গেছেন
দুর্ঘটনায় আহত থানার সেকেন্ড অফিসার এসআই মারা গেছেন
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা