সরকারি কেনাকাটায় দেশী পণ্যের অগ্রাধিকার, বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২২:০৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২:০৬

সরকারি ক্রয় ব্যবস্থায় দেশীয় পণ্য, নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার বিধান যুক্ত করে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’ এবং বগুড়া ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামো উন্নয়নে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে বিল দুটি কণ্ঠভোটে পাস হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি ক্রয়সংক্রান্ত বিলটি এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন।

সরকারি ক্রয়ে নতুন উদ্যোক্তাদের সুযোগ

পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইনে সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়ানো এবং নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ও সুবিধাবঞ্চিত দরদাতাদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে দেশীয় পণ্য ও শিল্পের সুরক্ষায় সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকার প্রয়োজনে নির্দিষ্ট কিছু পণ্য দেশ থেকে কেনা বাধ্যতামূলকও করতে পারবে।

নতুন আইনে দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় শর্ত আরোপের সুযোগ সীমিত করা হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেন কিংবা আগে সরকারি কাজ করার অভিজ্ঞতার মতো শর্ত দরপত্রে অংশগ্রহণের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তবে কোনো ক্রয়ের ধরন ও জটিলতার কারণে এসব শর্ত প্রয়োজন হলে তা আরোপ করা যাবে। 

আইনে সীমিত দরপত্র পদ্ধতির পরিধি বাড়ানোর পাশাপাশি সরকারি ক্রয়ের জন্য নতুন কিছু পদ্ধতি যুক্ত করা হয়েছে। বিদেশি দরদাতাদের অংশগ্রহণের ক্ষেত্রেও দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের বিধান রাখা হয়েছে। বিধি অনুযায়ী, এ ধরনের অংশীদারত্বে ন্যূনতম দেশীয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে বিশেষ ধরনের ক্রয়ের ক্ষেত্রে সরকার এ শর্ত শিথিল করতে পারবে।

দরপত্র মূল্যায়নেও পরিবর্তন আনা হয়েছে। কারিগরি ও আর্থিক প্রস্তাব আলাদাভাবে জমা দিতে হবে। কারিগরি মূল্যায়নে উত্তীর্ণ দরদাতাদের আর্থিক প্রস্তাবই কেবল খোলা হবে। নির্দিষ্ট সীমার বেশি মূল্যের ক্রয়ের ক্ষেত্রে শুধু দর বিবেচনা না করে কারিগরি মান ও টেকসই ব্যবস্থাকেও মূল্যায়নের আওতায় আনা হবে। অস্বাভাবিক কম দর প্রস্তাব করা হলে তা আলাদাভাবে পরীক্ষা করার বিধানও রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০৬ সালের ৬ জুলাই পাবলিক প্রকিউরমেন্ট আইন প্রণয়ন করা হয়। ২০২৬ সাল পর্যন্ত আইনটি ছয়বার সংশোধন করা হয়েছে। সরকারি ক্রয়ে বৈষম্য দূর করা, উন্মুক্ত প্রতিযোগিতা ও সমান অধিকার নিশ্চিত করা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায্যতা, সমান আচরণ ও দক্ষতা বাড়ানো এবং দেশীয় স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই নতুন সংশোধনী আনা হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ সংসদে উপস্থাপন করা হয়। সংসদ অধিবেশন না থাকাকালে গত ২১ সেপ্টেম্বর সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাদেশটি জারি করেন। পরে অধ্যাদেশকে আইনে পরিণত করতে গত ১১ নভেম্বর সংসদে বিল উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

বগুড়ায় গঠিত হচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ

বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিধান রেখে পাস হয়েছে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’। অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নও এ কর্তৃপক্ষ গঠনের উদ্দেশ্য।

বিল অনুযায়ী, বগুড়া ও এর আশপাশের এলাকার উন্নয়ন কার্যক্রম সমন্বয়, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত এবং কার্যকর নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে। কর্তৃপক্ষের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বগুড়া ও সন্নিহিত এলাকার উন্নয়নকে পরিকল্পিত ও সমন্বিত ধারায় পরিচালনা করা প্রয়োজন। এ জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অপরিকল্পিত নগরায়ণ ঠেকানোর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সক্ষম নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা জরুরি। তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশের মাধ্যমে এলাকার অর্থনৈতিক সম্ভাবনাও কাজে লাগানোর লক্ষ্য রয়েছে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপনের সময় বলেন, বগুড়া ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আদলে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে নগর উন্নয়ন ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। 

বিলটি এর আগে গত ৯ নভেম্বর সংসদে উত্থাপন করা হয়। পরে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। সোমবার বিলটি পাসের আগে জনমত যাচাই এবং অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করা হয়। তবে কণ্ঠভোটে প্রস্তাব দুটি নাকচ হয়ে যায়। এরপর বিলটি পাসের প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়। 

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় সংসদ সচিবালয়
প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকার ঋণ, সুদ সর্বোচ্চ ৮ শতাংশ
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেফতার
২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেফতার
১৯ তলা আবাসিক ভবনের বুক চিরে ছুটে চলে ট্রেন
১৯ তলা আবাসিক ভবনের বুক চিরে ছুটে চলে ট্রেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের ‘অনানুষ্ঠানিক’ বৈঠক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের ‘অনানুষ্ঠানিক’ বৈঠক
দ্রুত নতুন মজুরি ঘোষণার আহ্বান গার্মেন্ট শ্রমিক সংহতির
দ্রুত নতুন মজুরি ঘোষণার আহ্বান গার্মেন্ট শ্রমিক সংহতির
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক