আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮

আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে এবং দলটি আর কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্র নেই। তাদের রাজনীতি হচ্ছে সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতন। অতীতের এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি দেশের মানুষের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দিচ্ছেন। গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে হামলার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে হত্যা তাদের পুরোনো অভ্যাস।

তিনি বলেন, সরকার কোনোভাবেই আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না। গণতান্ত্রিক সরকার হিসেবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হবে না। সরকার নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দোষ মানুষকে ধরে নেওয়ার নীতিতে বিশ্বাস করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ও প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যারা থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতারা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকার বিবেচনা করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের পতিত ফ্যাসিবাদী শক্তি আর কোনও দিন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না। তাদের সেই রাজনৈতিক চরিত্র ও বৈধতা নেই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের চরিত্রের মধ্যে ভদ্রতা, সভ্যতা ও গণতন্ত্র নেই। তাদের চরিত্র স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণই বেশি দেখা যায়। এ ধরনের আচরণের মাধ্যমে তারা আবারও প্রমাণ করছে এবং ভবিষ্যতেও করবে, তারা বাংলাদেশের জন্য কল্যাণকর নয় ।

তিনি সম্প্রতি বিদেশে বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ ও বাংলাদেশের দূতাবাসকে যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের অসৌজন্যমূলক আচরণেরও নিন্দা জানান তিনি। খবর: বাসস

/আইএএম/
সম্পর্কিত
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক