‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’, সংসদে প্রধানমন্ত্রীর হাস্যরস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৯:৩২ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:৩২

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার হাসপাতাল আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ লক্ষ্যে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রী বক্তব্য শুরু করতেই সরকারি দলের সংসদ সদস্যরা হাততালি দিলে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাই আগে বলে নেই, তারপর তালি দেন। কী বলবো... আগে বলে নেই।’এসময় পাস থেকে কেউ একজন বলেন, অ্যাডভান্স তালি। প্রধানমন্ত্রী হাসতে হাসতে সে কথার পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘ও আচ্ছা, অ্যাডভান্স তালি’।

এরপর প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি উপজেলায় বর্তমানে ৫০ শয্যার হাসপাতাল রয়েছে। এর মধ্যে ৩০ শয্যার হাসপাতাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় করা হয়েছিল। পরে ১৯৯১ সালে বিএনপি সরকার আরও ২০ শয্যা যুক্ত করে হাসপাতালগুলো ৫০ শয্যায় উন্নীত করে।

তিনি বলেন, ‘অর্থাৎ উভয় সময়—যেই ৫০ বেডের হাসপাতাল আমরা উপজেলায় বর্তমানে দেখছি, এই পুরো ৫০ বেডটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল, সেই সময়গুলোতে করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য তার এলাকার শ্রমজীবী মানুষের চিকিৎসাসংক্রান্ত যে সমস্যার কথা তুলে ধরেছেন, কমবেশি একই চিত্র সারা দেশেই রয়েছে। আগের সরকারের সময়ে দেশের স্বাস্থ্যব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়নি, যাতে মানুষ দেশে যথাযথ চিকিৎসাসেবা পেতে পারে। বরং মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য করার পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ঢাকা-৪ নয়, দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ কার্যক্রমের দরপত্র প্রক্রিয়া শুরু হবে।

এর আগে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য তার এলাকার শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত এলাকায় সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানান। তিনি বলেন, ‘শ্যামপুর শিল্পাঞ্চলসহ পুরো এলাকায় ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্পে বিপুলসংখ্যক শ্রমিক কাজ করেন। তাদের মাসিক বেতন ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে। অসুস্থ হলে ঢাকার বিদ্যমান হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার সামর্থ্য অনেকের নেই। হাসপাতালগুলোর সেবার সক্ষমতা ও অব্যবস্থাপনার কারণেও অনেকে চিকিৎসা নিতে যেতে পারেন না।’

এ অবস্থায় ঢাকা-৪ এলাকায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সংসদ সদস্য। তিনি জানতে চান, কবে নাগাদ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এলাকায় টিম পাঠানো হবে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা তিনি জানিয়েছেন। তবে এ উদ্যোগ শুধু ঢাকা-৪ আসনের জন্য নয়, দেশের ৩০০ আসনের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি উপজেলা হাসপাতালগুলো ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন, রংপুরে বাইপাস নির্মাণের আশ্বাস প্রধানমন্ত্রীর
দলীয় এমপিদের মাঠে নামার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
সাড়ে ৪ বছরের শিশুকে হত্যা: মায়ের তিন দিনের রিমান্ড
সাড়ে ৪ বছরের শিশুকে হত্যা: মায়ের তিন দিনের রিমান্ড
কেড়ে নিলো ফ্যামিলি কার্ডের ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব, একজনকে মারধর
কেড়ে নিলো ফ্যামিলি কার্ডের ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব, একজনকে মারধর
বগুড়ায় উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ
বগুড়ায় উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী