২০৫০ সালের চাহিদা ও উপযোগিতার আলোকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে দক্ষ জনবল কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
রবিবার (২৯ নভেম্বর) সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির চতুর্থ সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এ ছাড়া সংসদ সচিবালয়ের সব গাড়িচালকের পূর্ণাঙ্গ শারীরিক সক্ষমতা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
একইসঙ্গে ইউএনডিপির সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্পমেয়াদি, মধ্যমমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারণাপত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ নিয়ে সভায় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সভায় সংসদ সচিবালয়কে ২০৫০ সালের চাহিদা ও উপযোগিতার আলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্দেশ্যে ইউএনডিপির সহযোগিতায় আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে সহযোগিতা কামনা করা হয়েছে। প্রস্তাবিত জনবল কাঠামোটি আগামী কমিশনের আহ্বানকৃত সভায় উপস্থাপন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় কমিটির সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন।
এ ছাড়া সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।