নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না, আবার বাকস্বাধীনতার ছদ্মবেশে কারও মর্যাদাহানির উদ্দেশ্যে অপতথ্য ছড়াতেও দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ আয়োজিত ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কায়সার কামাল বলেন, এক দশকেরও বেশি সময় ধরে পূর্ববর্তী সরকার আইসিটি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মতো কঠোর আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। গুজব বন্ধের অজুহাতে এসব আইন প্রয়োগ করে শিক্ষার্থীদের কারারুদ্ধ, সাংবাদিকদের কণ্ঠরোধ এবং ভিন্নমত দমন করা হয়েছে। সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশে নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রতি নতুন হুমকি হয়ে উঠেছে ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যের সুপরিকল্পিত ব্যবহার। একটি মাত্র ক্লিকে লাখ লাখ মানুষকে যুক্ত করা সম্ভব। আবার একটি মিথ্যা বার্তা থেকে আতঙ্ক, ঘৃণা, বিভ্রান্তি এমনকি সহিংসতারও জন্ম হতে পারে।
ডেপুটি স্পিকার বলেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা, জনতথ্য ও অর্থনৈতিক সুযোগের পরিধি বাড়িয়ে সমাজব্যবস্থায় পরিবর্তন এনেছে। তবে এর পাশাপাশি ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য, অনলাইন হয়রানি, পরিচয় চুরি, সাইবার অপরাধ, বিদ্বেষমূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ব্যক্তি ও সমাজের নিরাপত্তা এবং মানবিক মর্যাদার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ভুল তথ্য ও অপতথ্যের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, উভয়ই ব্যক্তি, সম্প্রদায় ও রাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। তবে এ ক্ষেত্রে সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।
এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও স্কুলের পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল অনলাইন আচরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমের দায়িত্বের কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, সংবাদ পরিবেশনে সঠিকতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকেও স্বচ্ছতা বাড়াতে হবে এবং ক্ষতিকর মিথ্যা তথ্যের বিরুদ্ধে অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা রাখতে হবে।
ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় সরকারি সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজের মধ্যে কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা, তরুণ ও সাধারণ নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তরুণদের শুধু ডিজিটাল কনটেন্টের ভোক্তা হলে চলবে না; দায়িত্বশীলতা ও বিচারবুদ্ধিসম্পন্ন চিন্তার মাধ্যমে সত্যের দূত হয়ে উঠতে হবে। ডিজিটাল জনপ্রিয়তার চেয়ে মানবিক মর্যাদাকে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, কোনও চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করার আগে বা ক্ষোভ সৃষ্টিকারী কোনও ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর আগে থামো, উৎস যাচাই করো, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলো। যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের হাতিয়ার হতে নিজের আঙুলকে প্রত্যাখ্যান করো।
বিইউপির সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কায়সার কামাল বলেন, শিক্ষার্থীদের দিকে তাকালে তিনি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, জুলাই বিপ্লবের অগ্রপথিকদের দেখতে পান। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীরা ১৫ বছরের স্বৈরাচারী শাসনের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। ক্ষমতাচ্যুত সরকার নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও শিক্ষার্থীরা সত্যকে বাঁচিয়ে রেখেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই ভোটাধিকার পুনরুদ্ধার করেছেন এবং দেশকে গণতন্ত্র উপহার দিয়েছেন।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ওসমানী শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান, বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং ওয়াকিলা হোসাইন।
সেমিনারে বিইউপির উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।