প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের জামিনের আবেদন খারিজ আদেশের বিরুদ্ধে করা সাংবাদিক শফিক রেহমানের আপিলের অনুমতির (লিভ টু আপিল) আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আপিলের সারসংক্ষেপ শফিক রেহমানের আইনজীবীদের তিন সপ্তাহের মধ্যে এবং রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ (১৭ জুলাই) রবিবার এসব আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে রবিবার আদেশের দিন ধার্য করেন আদালত।
রবিবারের আদেশে শফিক রেহমানের যথাযথ চিকিৎসা দিতে এবং প্রয়োজন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এ মামলায় গত ৭ জুন শফিক রেহমানের জামিনের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এ খারিজাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) করে জামিন চান শফিক রেহমান।
/ইউআই /এপিএইচ/
আরও পড়ুন:








