ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় নিহত জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বলের ঘনিষ্ঠ আরেক সহযোগী এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আমিরুল ইসলাম।
তিনি আশুলিয়ার জামগড়া এলাকার ‘আলহাজ্ব আবু তালেব মোল্লা পাবলিক স্কুল’-এর সহকারী শিক্ষক।
মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে নিহত জঙ্গি শফিকুলের সহযোগী হিসেবে গ্রেফতার স্কুল শিক্ষক মিলনের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। আমিরুল ইসলামের সঙ্গে নিহত জঙ্গি শফিকুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানান তিনি।
আলহাজ্ব আবু তালেব মোল্লা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ছগির হোসেন ইমু বলেন, আমিরুল ইসলাম মাদারী মাদবর মেমোরিয়াল স্কুলের শিক্ষক ছিলেন। এরপর ১৭ জুলাই তিনি আলহাজ্ব আবু তালেব মোল্লা পাবলিক স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে ঈদের ছুটি শেষে আমিরুল ইসলাম আর স্কুলে আসেননি।
উল্লেখ্য, আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে ১৬ জুলাই গুলশানে জঙ্গি হামলায় নিহত জঙ্গি শফিকুলের সহযোগী মিলন নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে গত রবিবার আদালতের মাধ্যমে তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে স্কুল শিক্ষক আমিরুলকে গ্রেফতার করা হয়।
/এআর/এবি/







