গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে নিহত ১৬ জঙ্গি এবং জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহভাজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক ও তামিম চৌধুরীসহ মোট ১৮ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে বুধবার দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীকে নির্দেশনা পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে জঙ্গিদের ব্যাংক হিসাব জব্দ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএফআইইউ এর মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ বলেন, যেসব জঙ্গির খবর মিডিয়াতে এসেছে সেই সব জঙ্গির সব হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। তবে জঙ্গিদের সংখ্যা ১৮ বা বেশিও হতে পারে।
জঙ্গি অর্থায়ন বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে এর আগেও সন্দেহভাজনদের ব্যাংক হিসাব বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বলে জানান দেবপ্রসাদ দেবনাথ।
/জিএম/এফএস/টিএন/
আরও পড়ুন: গুলশান-বনানী-বারিধারায় নতুন বাস ও রিকশা চলাচল শুরু







