কবি শহীদ কাদরীর মরদেহ বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত খরচে কবি ও তার পরিবারকে দেশে আনা হয়েছে।
সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য কবি শহীদ কাদরীর লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বুধবার সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাখা হবে। এর আগে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলা একাডেমিতেও নেওয়া হবে তার লাশ।
সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে লাশ দাফন করা হবে। প্রধানমন্ত্রী শেখ কবির লাশ আনার যাবতীয় খরচ বহন করছেন।
প্রসঙ্গত, রবিবার নিউইয়র্ক স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে নিউ ইয়র্কের নর্থ শো’র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি শহীদ কাদরী মৃত্যুবরণ করেন। ১৯৪২ সালের ১৪ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার প্রথম কবিতা ‘এই শীতে’ বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় প্রকাশিত হয়। শহীদ কাদরীর চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলো ‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ ও ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’। তিনি ২০১১ সালে একুশে পদক লাভ করেন।
/সিএ/এসটি/








