নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করেছে সফররত জাতিসংঘ প্রতিনিধি দল। সাক্ষাতে সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠকের প্রশংসা করেছেন প্রতিনিধিরা। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘের কাছে কারিগরি সহযোগিতা চাওয়া হয়। বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রর্বাট ওয়াটকিনসের নেতৃত্বে সাত সদস্যের জাতিসংঘ ইলেকটোরাল নিডস অ্যাসেসমেন্ট প্রতিনিধি দল বুধবার সন্ধ্য সাড়ে ৬টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ অংশ নেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সিইসি কে এম নুরুল হুদা বলেন, ‘আজকের বৈঠকটি র্যাপআপ বৈঠক। নাগরিক সমাজের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকটির প্রশংসা করেছে প্রতিনিধি দলটি। ইসিকে পরবর্তী সময়ে কী ধরনের সহযোগিতা দেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।’
বৈঠক শেষে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচনের সময় কী ধরনের কারিগরি সহযোগিতা করা যায়, তা নিয়ে প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক হয়েছে। এক্ষেত্রে নির্বাচনে উন্নতমানের অমোচনীয় কালি, অটোসিল, উন্নত প্রযুক্তির নির্বাচনি বুথ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটারদের সচেতনতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’ কী ধরনের সহযোগিতা হতে পারে তার প্রকল্প তৈরির বিষয়ে শিগগিরই জাতিসংঘের আরও একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে জানান তিনি।
আরও পড়ুন-
অফিসের নাম ‘ঢাকা মশক নিবারণী দপ্তর’
মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ খুলবে ২০১৯ সালে
/ইএইচএস/টিআর/








