আমাদের সুপ্রিম কোর্ট রাজনীতিবিদরাই তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক স্বদেশ রায়। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান ভারতের মতো সংবিধান নয় যে দেশভাগের একটি আইন দিয়ে এটি তৈরি হয়েছে। আমাদের সংবিধান যতটা আইনি দলিল, তার চেয়েও বেশি রাজনৈতিক দলিল। আমাদের স্বাধীনতাপত্র হচ্ছে আমাদের মাতৃ জননকোষ। এটা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন বিচারকরা।’
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে বাংলা ট্রিবিউন স্টুডিওতে আয়োজিত ‘সংবিধান, সংসদ ও স্বাধীনতা’ শীর্ষক বৈঠকিতে স্বদেশ রায় এসব কথা বলেন।
বৈঠকিতে সাংবাদিক স্বদেশ রায় বলেন, ‘আমাদের সুপ্রিম কোর্ট তো রাজনীতিবিদরা তৈরি করেছেন। তাহলে এই ষোড়শ সংশোধনীর রায় কেন এলো? আমাদের বিচারকরা আমাদের স্বাধীনতাপত্রের গুরুত্ব উপলব্ধি করতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, প্রধান বিচারপতি তার পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু করেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাস সম্পর্কে উনার (প্রধান বিচারপতি) কোনও ধারণাই নেই।’
স্বদেশ রায় আরও বলেন, ‘প্রধান বিচারপতি সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই দিনই তিনি নৈতিকভাবে প্রধান বিচারপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’
বৈঠকিতে আরও বক্তব্য রাখেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী ও বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর।
মুন্নী সাহার সঞ্চলনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। এটি বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হয়।
আরও পড়ুন-
‘বিচারপতিরা কি সব জবাবদিহিতার ঊর্ধ্বে’
‘বিচারপতিদের কেউ কেউ সামরিক শাসনকে বৈধতা দিয়েছেন’
‘রায়ের অবজারভেশন সুপ্রিম কোর্টের নয়, প্রধান বিচারপতির নিজের’







