ঢাকা লিট ফেস্টের প্রথম দিন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় ‘গ্রানটা: ট্রুথ অ্যান্ড লাইস’। আলোচনা করেন ব্রিটিশ লেখিকা এ্যামি স্যাকভিলা, অ্যাঙলো-অস্ট্রেলিয়ান লেখিকা ইভি ওয়েলড। কেকে টি স্টেজে অনুষ্ঠিত এ আলোচনা পর্ব সঞ্চালনা করেন ভারতের কার্তিকা ভিকে। আলোচনায় সাহিত্যে সত্য-মিথ্যা এবং মূল্যবোধ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ওঠে আসে বিশ্বের সম-সাময়িক নানা বিষয়। এরমধ্যে ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচন, যুক্তরাজ্যের ব্রেক্সিট ইস্যু, গণমাধ্যম ও ফেসবুকসহ সামাজিক মাধ্যমের প্রভাব।
আলোচনায় সামাজিক মাধ্যমের নানা প্রভাব উল্লেখ করতে গিয়ে সঞ্চালক কার্তিকা বলেন, ‘সামাজিক মাধ্যম থেকে অনেক শব্দই এখন অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হচ্ছে। যেমন গত বছরে যুক্ত হয়েছে সেলফি শব্দটি।’
গণমাধ্যম ও সামাজিক মাধ্যম নিয়ে তারা বলেন, আমাদের সত্য বলা হয়ে থাকে সংবাদ মাধ্যমের মাধ্যমে। ইদানিং ফেসবুকের মাধ্যমে অনেক ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফেসবুক আমাদের চিন্তাকেও প্রভাবিত করছে। আমরা যা দেখতে চাচ্ছি সেগুলোই ফেসবুক আমাদের দেখাচ্ছে। আমাদের লাইক একটি নির্দিষ্ট ‘পয়েন্ট অব ভিউ’ নির্দিষ্ট করে দিচ্ছে।
ইভি ওয়েলড বলেন, ‘গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ব্রেক্সিটের আগে বিভিন্ন মাধ্যমে অনেক সংবাদেই বলা হয়েছিল এতে সাধারণের অনেক লাভ হবে। তবে শেষে দেখা গেল তার উল্টো ঘটনা। এভাবেই আসলে সত্য-মিথ্যা ভূমিকা রাখে।’
আলোচনা শেষে এক প্রশ্নকর্তা প্রশ্ন করেন, ‘আমি আমার লেখায় সত্য বলতে গিয়ে অনেক সময়ই একটি সমস্যায় পড়ি। আমি কি আমার লেখায় এমন কিছু সত্য বলবো, যেই সত্য আমার পাঠকেরা গ্রহন করতে প্রস্তত না?
উত্তরে এ্যামি ও ইভি দুজনেই ওই প্রশ্নকর্তাকে সত্যের পক্ষে লেখার জন্য পরামর্শ দেন।
উল্লেখ্য, প্রায় ১ঘণ্টার বেশি এই সেশনটি ছিল আলোচনা, প্রশ্ন ও উত্তরের প্রাণবন্ত।
/এনএ/








