ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও দেশের প্রখ্যাত নৃবিজ্ঞানী ড. হেলাল উদ্দিন খান আরেফিন ইন্তেকাল করেছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
শিক্ষক আরেফিনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক কাজী মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বিকালে তিনি নিজ বাসায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে বসে আলাপ করছিলেন। তখন হঠাৎই তিনি অসুস্থ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন।
রবিবার বাদ যোহর ঢাকা বিশ্বিবিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, ড. হেলাল উদ্দিন খান আরেফিনের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ড. হেলাল উদ্দিন খান আরেফিন কানাডার উইনিপেগ বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে মাসটার্স এবং সিয়েরাকজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেড ডিগ্রী লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগে ২০০২-২০০৫ পর্যন্ত চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে ঢাবিতে নৃবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার আগে তিনি সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। ২০১৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন। তবে বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রো- ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ‘সমাজ নিরিক্ষণ’ ও জার্নাল অব সোশাল স্ট্যাডি এই দুটি প্রকাশনা জার্নালের সার্বিক তত্ত্বাবধায়ণে ছিলেন। শিক্ষক জীবনে তার অনেক গবেষণা তাকে বিশ্ব খ্যাতি এনে দিয়েছে।
শিক্ষক আরেফিনের বাংলাদেশে নৃবিজ্ঞানে বিশেষ অবদান রয়েছে। নৃবিজ্ঞান চর্চায়, নৃবিজ্ঞান বিকাশ ও বিস্তারে তার অবদান রয়েছে অনেক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগও তার হাত দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে।
/আরএআর/এমও/এমডিপি/








