উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেওয়া সংক্রান্ত ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টস্থ আইনজীবীরা। রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মিষ্টি বিতরণও করেছেন তারা।
রায়ের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের বিচার ব্যবস্থায় বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে। কিন্তু বর্তমান সরকার এই ক্ষমতা সংসদে নেওয়ার জন্য ষোড়শ সংশোধনী এনেছিল। এ রায়ের মাধ্যমে সেই ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নিকট ফিরে গেল।’
জয়নুল আবেদীন আরও বলেন, ‘আজকে সারাদেশের আইনজীবীরা খুশি। যারা আইনের শাসনের বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তারা সবাই এই রায়ে খুশি হয়েছে। আইনের শাসনের পূর্ব শর্ত হলো গণতন্ত্র, এই গণতন্ত্র রক্ষার জন্য আইনের শাসনের প্রয়োজন রয়েছে। এই রায়ে গণতন্ত্রকামীরা খুশি হয়েছে। আমিও খুশি হয়েছি।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এই রায়ের মাধ্যমে বিচার বিভাগ মহাপ্রলয় থেকে রক্ষা পেল। রাজনীতিবিদদের হস্তক্ষেপ থেকে রক্ষা পেল। রাজনীতিবিদদের সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণ করা ঠিক না। এই রায় না হলে বিচার বিভাগ রাজনীতিদের নিয়ন্ত্রণে চলে যেত। যে দেশের বিচার বিভাগ যত শক্তিশালী, সেই দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা তত শক্তিশালী। সারাদেশের আইনজীবী ও সাধারণ মানুষ এই রায়ে খুশি হয়েছে।’
আরও পড়ুন-
আমি অত্যন্ত হতাশ: অ্যাটর্নি জেনারেল
‘বিচার বিভাগের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো’
পূর্ণাঙ্গ রায় পেলে করণীয় নির্ধারণ করবো: আইনমন্ত্রী
‘প্রেসিডেন্টকে যদি ইমপিচ করতে পারি, বিচারপতিকে কেন নয়’
বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের দুরভিসন্ধি ধূলিসাৎ হয়েছে: মওদুদ
/এমটি/টিআর/








