বাংলা ট্রিবিউনে প্রকাশিত তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য ২০১৭ সালের মে ও জুন মাসের সেরা প্রতিবেদকদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট, সর্বাধিক পঠিত এবং মফস্বলের সেরা প্রতিবেদন বিভাগে পুরস্কৃতদের নাম ঘোষণা করেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। এ সময় ছিলেন হেড অব নিউজ হারুন উর রশীদ। বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে পুরস্কৃতদের অভিনন্দন জানানো হয়।
মে মাসের সেরা যারা
মে মাসে পুরস্কার পেয়েছেন চারজন। তারা হলেন সিনিয়র রিপোর্টার গোলাম মওলা, সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরী, সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল ও রাজশাহী প্রতিনিধি দুলাল আব্দুল্লাহ। সেরা বিবেচনার জন্য এবার কর্তৃপক্ষ গঠিত জুরি বোর্ড নির্বাচন করে ১৪টি প্রতিবেদন। এগুলোর মধ্যে নির্বাচিত হয় চারটি।
গত ৭ এপ্রিল প্রকাশিত সর্বাধিক পঠিত প্রতিবেদন বিভাগে সব সংবাদকে টপকে যাওয়ায় পুরস্কার পেয়েছে সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর লেখা ‘মাশরাফিকে প্রধানমন্ত্রীর অনুরোধ’। ১ মে প্রকাশিত রাজশাহী প্রতিনিধি দুলাল আব্দুল্লাহর পাঠানো ‘সন্তানদের কথা চিন্তা করে না জঙ্গিরা’ পুরস্কার পেয়েছে মফস্বলের সেরা প্রতিবেদন বিভাগে।
গত ৫ মে প্রকাশিত “বাংলাদেশের ‘বনসু’ থেকে বিশ্বখ্যাত হুগো বস” সেরা প্রতিবেদন হওয়ায় পুরস্কার উঠেছে সিনিয়র রিপোর্টার গোলাম মওলার হাতে। ব্রেকিং বিভাগে ২৮ মে প্রকাশিত ‘সুপ্রিম কোর্টে ভাস্কর্যটি পুনঃস্থাপন’ প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল।
জুনের সেরারা
জুন মাসে চারটি বিভাগে পুরস্কার পেয়েছেন পাঁচ জন প্রতিবেদক। তারা হলেন বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান, সিনিয়র রিপোর্টার হিটলার এ. হালিম, সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদ, রিপোর্টার রশিদ আল রুহানী এবং চাঁদপুর প্রতিনিধি ইব্রাহিম রনি। জুন মাসের সেরাদের বিবেচনার জন্য এবার ১৩টি প্রতিবেদন নির্বাচন করে কর্তৃপক্ষ গঠিত জুরি বোর্ড। এগুলোর মধ্যে পুরস্কার পেয়েছে পাঁচটি প্রতিবেদন।
সর্বাধিক পঠিত বিভাগে গত ৮ মে প্রকাশিত ‘ধর্ষকদের নিয়ে যা বললেন সেই তরুণী’ শিরোনামের প্রতিবেদনটির জন্য পুরস্কার পেয়েছেন সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদ। গত ৭ জুন প্রকাশিত বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামানের লেখা ‘যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব’ প্রতিবেদনটি পুরস্কৃত হয়েছে ব্রেকিং বিভাগে। একই দিনে প্রকাশিত মফস্বলের সেরা প্রতিবেদন বিভাগে পুরস্কার পেয়েছে চাঁদপুর প্রতিনিধি ইব্রাহিম রনির পাঠানো ‘পুলিশ সুপারের সঙ্গে দেখা করিয়ে দিতে ২২০০ টাকা’।
জুনে সেরা প্রতিবেদন বিভাগে পুরস্কৃত হয়েছেন দু’জন। গত ২৮ জুন প্রকাশিত ‘টাকা নয় হাড়ের ব্যাংক’ শিরোনামের প্রতিবেদনটির জন্য সিনিয়র রিপোর্টার হিটলার এ. হালিম এবং ১৯ জুন প্রকাশিত ‘সুলভ মূল্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রি করছে মালিহা গ্রুপ (ভিডিও)’ প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন রশিদ আল রুহানী।
ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে প্রকাশিত সংবাদগুলোর মধ্য থেকে সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট, সর্বাধিক পঠিত এবং মফস্বলের সেরা প্রতিবেদন বিভাগে প্রতিবেদকদের নগদ অর্থ ও প্রশংসাপত্র দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।
/আরএআর/জেএইচ/








