রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি ওজনের স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন হয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা দুবাই ফেরত এ যাত্রীকে আটক করেন। ঢাকা কাস্টমস হাউসের সহকারি কমিশনার সাইদুল ইসলাম সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
আটককৃত যাত্রীর নাম মোজাফফর হোসেন রিপন (৪১)। পাসপোর্ট নম্বর-বিএল০৭১০১৯৮। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী এ ব্যক্তি গত ১০ মাসে ১৫ বার বিদেশ ভ্রমণ করেছেন। তাকে সোমবার সকালে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। আটক স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমাদানের জন্য আইনানুগ প্রক্রিয়াসহ শুল্ক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কাস্টমস অফিস সূত্রে জানা যায়, আটককৃত মোজাফফর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রবিবার রাত সাড়ে এগারোটার দিকে দুবাই থেকে বাংলাদেশে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরার জন্য আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিল কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক করা হয় তাকে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য কাস্টমস হলে নিয়ে যাওয়া হয় আটককৃত মোজাফফরকে। সেখানে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে স্কচটেপে পেঁচানো অবস্থায় প্রতিটি ১১৬ গ্রাম ওজনের মোট ১২টি সোনার বার ও ১০৫ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ দশমিক ৪৯৭ কেজি ওজনের স্বর্ণ পাওয়া যায়। আটক স্বর্ণের মূল্য প্রায় ৭৪ লাখ ২৫ হাজার টাকা বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:
ব্লু হোয়েল নিয়ে রুল, মোবাইল অপারেটরদের রাতের বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ
মিয়ানমারের ২০০ মিলিয়ন ডলারের ঋণ স্থগিত করলো বিশ্বব্যাংক
কর্মকর্তারা পান উপহার, টাকার বিনিময়ে মেলে ইলিশ শিকারের অনুমতি!








