ঝিনাইদহ- ৩ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল ওহাব ও বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডুকে তিন মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল ও পৌর মেয়র মোতাহার হোসেন মানিকসহ আরও ১৭ জনকে আগাম জামিন দিয়েছেন আদালত।
সোমবার ঝিনাইদহ বিএনপির এ দুই নেতা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ নোয়াখালীর ১৭ জনকে জামিন দেন।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
পরে সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে গত ৩০ মার্চ নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ। এরমধ্যে ১৭ জন গতকাল হাইকোর্টে হাজির হয়ে জামিন নিলেন।
এছাড়াও গত ১২, ১৫ ও ২০ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে ঝিনাইদহের শৈলকুপা থানায় আবদুল ওহাব ও জয়ন্ত কুমার কুন্ডুর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এসব মামলায় তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের আগাম জামিন আবেদন মঞ্জুর করেন।








