শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে অস্বচ্ছ হিসাব দেওয়ার অভিযোগে মুসা বিন শমসেরের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৩ জুন ধার্য করেছেন আদালত।
রবিবার (৯ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন নতুন তারিখ ধার্য করেন। আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশ (উপ-পরিদর্শক) রকিবুল ইসলাম এ তথ্য জানান।
প্রসঙ্গত, মুসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় আনা রেঞ্জ রোভার গাড়ি ভোলা বিআরটিএ-এর কতিপয় কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজ দিয়ে রেজিস্ট্রেশন এবং বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে শুল্ক গোয়েন্দারা। মুসার বিরুদ্ধে অভিযোগ, ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব অ্যান্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করেন।
শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা যায়, গাড়িতে ২.১৭ কোটি টাকার শুল্ক করাদি জড়িত। শুল্ক গোয়েন্দার জিজ্ঞাসাবাদে প্রিন্স মুসা লিখিতভাবে জানান, ‘সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা গচ্ছিত রয়েছে’। কিন্তু তিনি ওই টাকার কোনও ব্যাংক হিসাব বা বৈধ উৎস দেখাননি। কয়েকবার নোটিশ দিলেও তিনি তা জমা দেননি। পরবর্তীতে গত বছরের ৩১ জুলাই গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও)জাকির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।







