খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়ায় আদালত অবমাননা হয়েছে: জয়নুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৫:৪৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৫:৪৯





সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জয়নুল আবেদীন

হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার পর আদালতকে অবহিত না করেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়ার ঘটনায় আদালত অবমাননা হয়েছে বলে দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
খালেদা জিয়াকে হাসপাতাল থেকে পুরাতন কারাগারে স্থানান্তরের পর বৃহস্পতিবার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে জয়নুল আবেদন এ দাবি তোলেন।

খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য জয়নুল আবেদীন বলেন, ‘গত ৬ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য আমরা আবেদন করেছিলাম, কিন্তু আজ (বৃহস্পতিবার) পর্যন্ত সে আবেদন তারা গ্রহণ করেনি। আজ সকালে খবর পেলাম, মাত্র আধা ঘণ্টার নোটিশে তাকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজসহ আদালতকে কিছুই না জানিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা তার আইনজীবী। আমাদেরকে বিষয়টি জানানো উচিৎ ছিল। মূলত আদালতের নির্দেশের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাই কর্তৃপক্ষ বিষয়টি আদালতকেও অবহিত করেনি। সেরকম কোনও নোটিশ দেওয়া হয়নি। এটা দুঃখজনক। এতে বিচার বিভাগের আদেশ অবজ্ঞা করা হয়েছে। সরকার এ আদেশ অবজ্ঞা করে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে।’
সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জয়নুল আরও বলেন, ‘বিনা চিকিৎসায় সরকার খালেদা জিয়াকে মেরে ফেলতে চাইছে। এতে আমাদের আইনজীবীদের এবং দেশের সাধারণ মানুষের মনে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা বা আদৌ নির্বাচন হবে কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে। ’
তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপকালে বিরোধীদলের নেতাকর্মীদের গতকাল (বুধবার) দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সংলাপ শেষে বলা হয়েছে, তফসিল হলেও আলোচনা চলবে। খালেদা জিয়ার চিকিৎসা না করিয়ে সরকার তাকে কারাগারে পাঠানোয় আর কী আলোচনা হবে?’
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে জয়নুল আবেদীন বলেন, ‘আমরা সরকারকে অনুরোধ করছি, খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ফিরিয়ে নেওয়ার। তার চিকিৎসার জন্য গঠিত বোর্ড না বলা পর্যন্ত তাকে হাসপাতালে রাখারও অনুরোধ করছি। আমরা এজন্যই একটি স্বাধীন ও ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার আবেদন জানিয়েছিলাম। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, খালেদা জিয়ার পছন্দনীয় চিকিৎসকদের দিয়ে তার চিকিৎসা করানোর। আর যেহেতু রাজনৈতিক মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, তাই খালেদা জিয়ার মুক্তি চাইছি।’
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চলানায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সমিতির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফা, ট্রেজারার নাসরিন আখতার, সহসম্পাদক কাজী জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আহসান উল্লাহ, মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার শফিউল মাহমুদ, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, ব্যারিস্টার মেহেদী হাসান, সালাউদ্দিন, মো. টিপু সুলতান, আনিসুর রহমান রায়হানসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম