সাতক্ষীরায় এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে আরেক ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ি সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামে। শনিবার (৬ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দুই কলেজছাত্রীই পরস্পরের ঘনিষ্ঠ বান্ধবী ছিল। সম্প্রতি ওই ছাত্রীকে না জানিয়ে গোপনে তার গোসলরত অবস্থার ছবি তোলে অপরজন। এরপর তাকে এ ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। ছবিটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফা তার কাছ থেকে টাকা আদায় করে অপর ছাত্রীটি। এরপর আরও বেশি টাকা দাবি করে। ওই ছাত্রী আর টাকা দিতে আর রাজি না হওয়ায় ছবিটি ফেসবুকে আপলোড করে ছড়িয়ে দেয় সে। এই খবরে বিব্রত হয়ে আত্মহননের চেষ্টা চালায় ঘটনার শিকার ছাত্রীটি। পরিবারের চেষ্টায় সে রক্ষা পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ঘটনার শিকার কলেজছাত্রীর বাবা শুক্রবার রাতে সদর থানায় ছবি আপলোড করা ছাত্রীটির নামে একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।








