হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৫৫০ গ্রাম সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মেহেদি হাসানকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়।
এর আগে এদিন ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ড্রিমলাইনার গাঙচিলের একটি সিটের নিচ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা জব্দ করা হয়। এ নিয়ে এক দিনে শাহজালাল বিমানবন্দর থেকে দুই দফায় ৭ কেজি ১৯০ গ্রাম সোনা জব্দ করা হলো।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, আমদানি কার্গো কমপ্লেক্সের বহিরাংশের রানওয়ে এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মেহেদি হাসানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় কাস্টমস হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। বিকাল ৩টার দিকে তাকে আটক করে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নেওয়া হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করা হয়। এসময় তার কোমরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ২টি বান্ডিলে ২২টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ২ কেজি ৫৫০ গ্রাম।
সাজ্জাদ হোসনে বলেন, সোনা বহনকারী এই বিমানকর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জব্দ সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন...








