ইউল্যাবের শিক্ষার্থী তানজিলা জামান মুন্নী বলেছেন, ‘করোনার কারণে আমরা বাসায় আটকে গেলেও অনলাইনের কল্যাণে বাসা থেকেই ক্লাস করতে পারছি। ক্লাস কিন্তু বন্ধ হচ্ছে না। তবে ক্যাম্পাস আমরা মিস করি।’ মঙ্গলবার (৩১ আগস্ট) ‘অন থেকে অফলাইনে ফেরা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তানজিলা জামান মুন্নী বলেন, ‘আমার বাসা থেকে বিশ্ববিদ্যালয় অনেক দূরে ছিল। যার ফলে অনেক সময় আমার পথে অতিবাহিত হতো। বাংলাদেশের যানজট খুবই প্রকট আকার ধারণ করে। অনলাইনে আসার সব থেকে বড় সুবিধা হলো, এখন সেই সময়টা লাগছে না। আমি সেই সময়টায় অন্য কিছু করতে পারছি। আমার প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। অনালাইনে আসায় আমরা নতুন করে শিখছি। আমরা যে ই-লার্নিং এর যুগে চলে এসেছি সেটা এখন বুঝতে পারছি। বাসা থেকে ক্লাস করতে কিছু সমস্যা হলেও আমার কিন্তু ক্লাস বন্ধ হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আগে যেমন ক্যাম্পাসে যাওয়ার একটা বিষয় ছিল, এত সুন্দর ক্যাম্পাস আমরা সেটা মিস করি।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে বৈঠকিতে মুন্নী সাহার সঞ্চালনায় আরও অংশ নেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট সোহেল আহমেদ এবং ইউনিভার্সটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া রহমান।
এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হয়।









