মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে রেলওয়ের ৫৫টি স্টেশন আধুনিকায়ন, প্ল্যাটফর্ম শেড নির্মাণ, অ্যাক্সেস কন্ট্রোল নিয়ন্ত্রণ, স্টেশন প্ল্যাটফর্ম উঁচু করাসহ যাত্রী সাধারণের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশনের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘রেলকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
বৃহস্পতিবার (১১ নভেম্বর) একটি বিশেষ ট্রেনযোগে ঢাকা থেকে যাত্রা শুরু করে টাঙ্গাইল, শহীদ মনসুর আলী, জামতৈল, উল্লাপাড়া, বড়াল ব্রিজ, চাটমোহর, নাটোর, সান্তাহার, জয়পুরহাটের বিরামপুর, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, ডোমার রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় রেলপথমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার রেলকে অধিক গুরুত্ব দিয়েছে। অনেক নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সারাদেশের সিঙ্গেল লাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইন করা হবে।’
রেলওয়ের চলমান বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন, খুলনা থেকে মোংলা পর্যন্ত রেললাইন নির্মাণ, যমুনা নদীর ওপরে আলাদা বঙ্গবন্ধু রেল সেতু নির্মিত হচ্ছে। বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হবে। ফলে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সময় ও খরচ কমে যাবে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’ এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে অধিক পরিমাণে ট্রেন চালানো সম্ভব হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, আত্মনির্ভরশীল জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা রেলওয়েকে একইভাবে আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা হিসেবে গঠনের লক্ষ্যে কাজ করছি। যাত্রীসেবার মানোন্নয়নে স্টেশনগুলোর আধুনিকায়ন করা হচ্ছে। স্টেশনের ওয়েটিং রুম, টয়লেট ব্যবস্থাপনাসহ সার্বিকভাবে উন্নয়ন ঘটানো হচ্ছ।’ রেলকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বলেও জানান তিনি।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান, পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।








