বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন, ১৯ ও ২০ ডিসেম্বর বিজিবি দিবস পালিত হবে। এ বছর আমরা ২২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। সরকারের নানা পদক্ষেপের কারণে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ হয়ে উঠতে পারছে বাহিনীর সদস্যরা। সফলভাবে অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর বিভিন্ন প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে শনিবার (১৮ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে তিনি কথা বলেন।
সাফিনুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজিবি দিবস উদযাপন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে রবিবার (১৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দফতরে বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ প্যারেড অনুষ্ঠিত হবে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে অভিবাদন গ্রহণ করবেন।
বিজিবি দিবসে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর মহাপরিচালক পঙ্কজ কুমার সিংসহ প্রতিনিধি দলের ৭ সদস্য অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে।








