তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বইয়ের মতো সেরা উপহার বিশ্বে আর দ্বিতীয়টি নেই। তিনি বলেন, ‘বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করা ছাড়া জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।’
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে প্রকাশনা প্রতিষ্ঠান রকমারি আয়োজিত ‘অনলাইনে বইমেলা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে তিনটি সম্পদ আছে, যা দিলে কখনোই কমে না, বরং বাড়ে— তা হলো সম্মান, ভালোবাসা ও জ্ঞান।’ তিনি আরও বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার যে অঙ্গীকার সরকার নিয়েছে, তা পূরণে রকমারি বড় ভূমিকা রেখে চলেছে। দেশের মানুষকে বই পড়তে ও উপহার দিতে উৎসাহিত করতে হবে।’
তিনি ২০৪১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি করে বই কেনা, উপর দেওয়া ও পড়তে সবার প্রতি আহ্বান জানান
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাতুল খান।
উল্লেখ্য, মেলায় পাঠকদের জন্য থাকছে সব নতুন বইয়ের ওপর শতকরা ২৫ ভাগ ছাড়। এছাড়া নগদের মাধ্যমে মূল্য পরিশোধ করলে আরও ২০ ভাগ ক্যাশব্যাক থাকছে। মেলায় এবছর যুক্ত হয়েছে ‘বর্ণমালা’ অফার। এ অফারের মাধ্যমে রয়েছে স্মার্টফোন ও বাইক জেতার সুযোগ।









