ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আজকে আধুনিক বিশ্বের উন্নয়নের রোল মডেল। এ অর্জনের পিছনে প্রবাসীদের একটা বড় অবদান রয়েছে। ইতোমধ্যে আমরা নগরীর উন্নয়নে সিটি বন্ড চালু করেছি। এরকম আরও নানা উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়নের সাথে প্রবাসীদের সম্পৃক্ত করা যেতে পারে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান-২ নগরভবনে প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষতে এলে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, বিশ্বের আধুনিক শহরগুলো যারা সবোর্চ্চ নাগরিক সুবিধা প্রদান করে, তাদের থেকে প্রযুক্তি সহায়তা নিয়ে ঢাকাকে আরও আধুনিক করতে প্রবাসীদের সহায়তা দরকার। ঢাকাকে একটি সুন্দর, বাসযোগ্য ও আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে প্রবাসীদের সাথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি বন্ধন তৈরি করতে চাই। যাতে আধুনিক প্রযুক্তির সহায়তায় আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে পারি।
এসময় প্রবাসীরা মশা নিধন, উন্নত ফুটপাত ও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার দাবি জানান।
মশা মারার ক্ষেত্রে ফ্রান্সের অভিজ্ঞতার কথা প্রবাসীদের থেকে শুনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সেখানে কী ধরনের মেশিন ব্যবহার করা হয় তা খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেন।
এ সময় তিনি আরও জানান, রাজধানীর খালগুলোকে কিভাবে ইউরোপিয়ান শহরের খালের মতো করে দৃষ্টিনন্দন করা যায় সে বিষয়েও প্রবাসীদের সঙ্গে কাজ করতে আগ্রহী ঢাকা উত্তর সিটি করপোরেশন।








