আগামী মাসে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল প্রীতির

রিয়াদ তালুকদার 
২৫ মার্চ ২০২২, ১৭:২৯আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৮:৪৭

আগামী মাসের ১ তারিখে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল সামিয়া আফনান প্রীতির। চাকরি করে বাবা-মার অভাবের সংসারে নিজেও কিছু সহায়তা করবেন ভেবেছিলেন। কিন্তু পরিবারকে আর আর্থিকভাবে সহায়তা করা হলো না। রাজধানীর শাহজাহানপুরে একজনকে হত্যার উদ্দেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন প্রীতি। 

মেয়েকে হারিয়ে একদিকে যেমন শোকের মাতম, সেই সঙ্গে স্বপ্ন ভঙ্গের আহাজারি চলছিল শান্তিবাগের বাসায়। প্রীতির মা হোসেন আরা ক্ষোভ জানিয়ে বলছিলেন, ‘বিচার কার কাছে চাবো। বিচার চেয়ে তো কোনও লাভ নেই। আমি আমার মেয়েকে হারিয়েছি। আর কোনও সমস্যায় পড়তে চাই না। একজনের জন্য আমার মেয়েটির মৃত্যু হলো।’ 

প্রীতির মায়ের ক্ষোভের পাশাপাশি তার বাবা মোহাম্মদ জামাল উদ্দিন শুক্রবার (২৫ মার্চ) বলেন, ‘আমাদের ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত। আমার মেয়েটির ১ এপ্রিল একটি চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। ভেবেছিলাম মেয়েটি চাকরিতে যোগ দিলে তার নিজের জন্য কিছু উপার্জন করতে পারবে এবং পরিবারকে কিছু টাকা দিতে পারবে। কিন্তু এখন আমরা মেয়েকে হারিয়েছি। আর কোনও সমস্যায় পড়তে চাই না। কোন মামলা-মোকদ্দমাও করতে চাই না। আল্লাহর কাছে বিচার দিলাম। রাজনীতি না করেও রাজনৈতিক কারণেই মেয়েটি হত্যাকাণ্ডের শিকার হলো।’

মা হোসনে আরা বলেন, ‘মেয়ের মৃত্যু এভাবে হবে কখনোই কল্পনা করিনি।’ এসব বলে আহাজারি করছিলেন তিনি। মেয়েকে হারিয়ে যে কষ্ট সৃষ্টি হয়েছে এই কষ্টের ঘা কখনও শুকাবে না। ‘এমনিতেই সংসারে অভাব রয়েছে, আর এখন মেয়েকে হারিয়ে সন্তানের অভাবের এই হাহাকার বলে বোঝানো যাবে না’ বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।

হোসনে আরা আরও বলছিলেন, ‘আমার সঙ্গে মেয়ের সর্বশেষ কথা হয়েছে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে। তাকে বলেছিলাম, তার চাচা আমাদের এখানে এসেছে। বাসায় থাকবে। বাসায় লোকজন বেশি, তাই তাকে বান্ধবীর বাসায় থাকতে বলি। সে তার বান্ধবীর সঙ্গে তাদের বাসায় ফিরে যাচ্ছিল। এ কথাগুলো মনে হলে আরও বেশি কষ্ট লাগছে।’

মেয়েকে হারিয়ে বাবা ও মায়ের এখন শুধুই আহাজারি চলছে। মামলা-মোকদ্দমায় জড়াতে চান না তারা। এখন তারা শুধু মেয়ের লাশ চান। 

প্রীতি পশু-পাখিদের খুব যত্ন করতেন এবং ভালোবাসতেন বলে তার পারিবার সূত্রে জানা গেছে।

কুকুরগুলোকে খাবার দিচ্ছেন প্রীতি

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে অপরাধের মোটিভ সম্পর্কে জানা গেছে। অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে শাহজাহানপুর এলাকায় প্রাইভেট কারে থাকা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। এ সময় পাশে রিকশায় থাকা সামিয়া আফনান প্রীতিও গুলিবিদ্ধ হন। পরে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’ 

এ সময় প্রাইভেটকারে চার জন অবস্থান করছিলেন। গাড়িচালক মুন্না গাড়ি চালাচ্ছিলেন। সামনে বাম পাশে জাহিদুল ইসলাম টিপু বসা ছিলেন। পেছনের সিটে আরও দুজন ছিলেন। টিপুকে লক্ষ্য করে গুলি করা হয়। গাড়িচালক মুন্নার হাতেও গুলি লাগে। গাড়ির পেছনের সিটে থাকা দুজন অক্ষত থাকেন। 

এই হত্যাকাণ্ডের ঘটনায় জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ১১, ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাজাহানপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

আক্ষেপ নিয়ে ফারহানা ইসলাম ডলি বলেন, ‘দল ক্ষমতায়, তারপরও আমার স্বামীকে নিরাপত্তা দিতে পারলাম না। এখন সবার শান্তি হয়েছে।’

পুলিশ বলছে, সব ধরনের বিষয় মাথায় রেখেই ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভির ফুটেজ বিচার-বিশ্লেষণ করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থলে ১২টি গুলির খোসা পাওয়া গেছে।’

জানা গেছে, জাহিদুল ইসলাম টিপু ৪ থেকে ৫ দিন আগে মোবাইল ফোনে জীবনের হুমকি পেয়েছিলেন। হুমকি পাওয়ার চার থেকে পাঁচ দিনের মাথায় হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি।

২০১৩ সালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি ছিলেন জাহিদুল ইসলাম খান টিপু। এ ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে মামলা হয় তার বিরুদ্ধে। জেলও খাটেন তিনি। পরে মামলা থেকে তিনি অব্যাহতি পান। কিন্তু মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারান টিপু।

জাহিদুল ইসলাম টিপু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

আরও জানতে নিচের লিংকগুলোতে ক্লিক করুন...

‘সন্তানের এমন মৃত্যু কোনও বাবা-মা চান না’

দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ নিহত ২

ঢাকায় গুলি করে আ.লীগ নেতা হত্যা: বেশ কিছু আলামত পেয়েছে র‌্যাব

রাজধানীতে গুলি করে আ. লীগ নেতাসহ ২ জনকে হত্যার ঘটনায় মামলা

 

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের