বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ-আরসিডিএস’র প্রতিনিধি দল সোমবার (১৬ মে) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের দলনেতা হিসেবে উপস্থিত ছিলেন রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজের ডেপুটি কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল গ্যারি টুনিক্লিফ সিভিও।
মঙ্গলবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে কুশলাদি বিনিময়ের পর সেনাপ্রধান বাংলাদেশে সফরের জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং সামরিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সোমবার সন্ধ্যায় সেনাপ্রধানের আমন্ত্রণে প্রতিনিধি দলটি ঢাকা সেনানিবাসে নৈশভোজে অংশগ্রহণ করে। নৈশভোজে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাজ্য দূতাবাসের ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেলসহ ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফরেন সার্ভিস অ্যাকাডেমি, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ব্র্যাকের উচ্চপদস্থ কর্মকর্তারা।
২০ সদস্যের প্রতিনিধি দলটি গত ১৪ মে ঢাকায় আসে। সফর শেষে তারা আগামী ২১ মে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।









