ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ অভিযোগে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব।
বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১০-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব এই তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন দুলাল (২৭), সোহেল মোল্লা (৩০), এম এ আরমান (৩৫), টুটুল (৩৯), মনির হোসেন (৩৫) ও জাহিদ (২০)। এ সময় তাদের কাছ থেকে ৩৭২ পুরিয়া হেরোইন, গাঁজা, ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় বলে জানানো হয়।
এএসপি সোয়েব বলেন, গ্রেফতার মাদক কারবারিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ঢাকা, দক্ষিণ কেরানীগঞ্জ ও শ্রীনগরসহ আশপাশের এলাকায় হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদক সরবরাহ করে আসছিল।
গ্রেফতার ছয় কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।









