রাজধানীর দারুস সালাম এলাকায় হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। তারা হলেন, মো. আল আমিন ও মো. জুলমত।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মাদক কারবারিরা চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন পরিবহন করে ট্রাকে রাজধানীর টেকনিক্যাল মোড়ের দিকে আসছে– এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকার একটি বাস কাউন্টারের সামনে অবস্থান নেয়। ট্রাকটি সেখানে এলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেওয়া হলে ট্রাক রেখে পালানোর চেষ্টা করে আল আমিন ও জুলমত। এ সময় তাদের গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, গ্রেফতার ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করতো।’
তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।









