নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে মানবপাচার আইনে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো। আগামী ১২ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। ফলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ নতুন এ দিন ধার্য করেন।
এর আগে, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইভানকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেফতার করে সিআইডি।
এরপর একই বছরের ১৫ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ইভানের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২১ সালের ২ জুলাই আজম খানসহ ৯ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ। মামলার আসামিরা হলেন– আলামিন হোসেন ওরফে ডায়মন্ড (২৬), স্বপন হোসেন (২৮), আজম খান (৪৫), নাজিম (৩৬), এরশাদ ও নির্মল দাস (এজেন্ট), আলমগীর, আমান (এজেন্ট) ও শুভ (এজেন্ট)।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে নারীদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেওয়ার নামে মেয়েদের দুবাই পাঠাতেন।
দুবাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিআইডি গত জুলাই মাসে আজম খান এবং তার দুই সহযোগী ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়নাকে ঢাকা থেকে গ্রেফতার করে। এছাড়া গ্রেফতার হন আজমের এ দেশীয় প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন।
সম্প্রতি গ্রেফতার ওই তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা গডফাদার হিসেবে বাড্ডার সজীব ও ময়মনসিংহের অনীকের নাম বলেন। আজম খান জবানবন্দিতে বলেন, তাদের দুজনেরই দুবাইতে ড্যান্স বার আছে।
ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।









