সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ খুলে মুদি দ্রব্যাদি বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম। তার নাম রবিন বিশ্বাস।
মঙ্গলবার (৮ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং চারটি সিম কার্ড জব্দ করা হয়েছে। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক পেজের তথ্য পাওয়া গেছে।
সিটি-সাইবার ক্রাইম বিভাগের সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার আরিফুল হোসেইন তুহিন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজসহ পাঁচটি ফেসবুক পেজের মাধ্যমে পাঁচ লাখ টাকার মুদি পণ্য দুই লাখ টাকায় বিক্রয়ের বিজ্ঞাপন দিতো রবিন। এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কেউ যোগাযোগ করলে শুরুতে ৫০ শতাংশ টাকা বুকিং মানি হিসেবে দেওয়ার জন্য বলতো। ভুয়া এনআইডির বিকাশ ও নগদ অ্যাকাউন্টে বুকিং মানি গ্রহণের পর ক্রেতাকে ব্লক করে দিতো সে।’
সহকারী পুলিশ কমিশনার বলেন, ‘রবিনকে খিলগাঁও থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রতারণার বিষয় সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।’









