বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পার্সার ও বিমানের কেবিন ক্রু ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মাদ গোলাম দস্তগীরকে (পি-৩৫৬৫৪) গ্রাউন্ডেড করে ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়েছে বিমান। বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রশাসন (ফ্লাইট সার্ভিস) মো. মনিরুজ্জমান খান স্বাক্ষরিত নোটিস ২০ আগস্ট তাকে দেওয়া হয়।
জানা গেছে, বিমানের কেবিন ক্রু ইউনিয়নের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নতুন করে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। মোহাম্মাদ গোলাম দস্তগীরের নির্বাচনি আয়োজন হিসেবে (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বারিধারা ক্লাবে ‘টিম দস্তগীর’ এর একটি আলোচনা সভা এবং নৈশভোজের আয়োজন করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগের কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় বারিধারা ক্লাবে ‘টিম দস্তগীর’ এর একটি আলোচনা সভা এবং নৈশভোজের আয়োজন করেছেন। ওই অনুষ্ঠানে আপনি সবাইকে প্রাণবন্ত উপস্থিতির আমন্ত্রণ জানিয়েছেন। ব্যক্তিগতভাবে কোনও অনুষ্ঠানের আয়োজন করতে হলে কর্তৃপক্ষের পূর্বানুমতির প্রয়োজন হয়, যা আপনি গ্রহণ করেননি। আপনার এ কার্যকলাপ বিমোনের চাকরিবিধির পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। আপনার এই কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ‘কারণ দর্শানোর’ নির্দেশ দেওয়া হলো। অন্যথায় বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা-১৯৭৯ এর ৫৫ ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মোহাম্মাদ গোলাম দস্তগীর বলেন, বিমানের নোটিশ আমি পেয়েছি। আমি আগামীকাল নোটিশের জবাব দেবো। ১৫ আগস্ট শোক দিবসের একটি আয়োজনে আমি গিয়েছিলাম। সেটা নিয়ে কর্তৃপক্ষের কাছে হয়ত ভুল বার্তা গিয়েছে।









