জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আবাসিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে কাজ চলমান রয়েছে। তিনি বলেন, সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য উন্নত আবাসন সুবিধাসম্পন্ন আধুনিক ভবন নির্মিত হচ্ছে।
আগারগাঁও জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সে সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ১১২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। বক্তব্য রাখেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আধুনিক ভবনগুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধাসহ নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। এ ভবনগুলোতে উন্নত জলাধারসহ অগ্নি নির্বাপণ, পয়ঃনিষ্কাশন, বৃষ্টির পানি সংরক্ষণ ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ।
বুয়েটের তত্ত্বাবধানে আবাসিক কমপ্লেক্সটির কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
এর আগে স্পিকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংস্কারকৃত ৬নং সংসদ-সদস্য ভবন (ন্যাম ভবন) উদ্বোধন এবং পরিদর্শন করেন।









