সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউট মিলনায়তনে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
মেয়র বলেন, 'সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের আহ্বান করছি— আপনারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সঠিক বোধ তৈরি করুন। পথনাটক, মঞ্চনাটক, গান ও কবিতায় তুলে ধরেন কেউ যেন ড্রেনে ময়লা না ফেলে। অযথা হর্ন বাজানো বন্ধে সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধে জমা পানি ফেলে দেওয়ার বার্তা ছড়িয়ে দিন। একটি নান্দনিক স্মার্ট ঢাকা শহর গড়তে সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে কাজটি সহজ হয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্য নির্দেশক ও লেখক আতাউর রহমান। অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আমিন মিঠু।








