বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে নাশকতাকারীকে আটক করায় মোহাম্মদপুর জোনের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) সরিফুল ইসলামকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
শনিবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে সরিফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। কমিশনার তার সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।
উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ জানান, প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সরিফুল ইসলাম মোহাম্মদপুর জোন এলাকা পরিদর্শনে বের হন। পরিদর্শনকালে বেড়িবাঁধের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের মূল ফটকের সামনে সকাল ৭টার দিকে ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি হরতাল হরতাল শ্লোগানে নাশকতার উদ্দেশ্যে একটি বাসের দিকে এগোতে থাকে। তখনই সরিফুল ইসলাম আশপাশের তিন থেকে চার জনের সহযোগিতায় দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে হাতেনাতে আটক করেন। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। এই কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাকে পুরস্কৃত করেন।
এর আগে, আসাদগেট এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পলায়নরত একজন জনকে হাতেনাতে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুলকে গত ২৩ নভেম্বর পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।








