ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রায় ৯৩ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। একইসঙ্গে মাদক পাচারসহ বিভিন্ন চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩৬ জনকে আটক করেছে দেশের এই সীমান্তরক্ষী বাহিনী।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময়ে ২৫৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মিয়ানমার সীমান্তে ৪৯৪ জন মিয়ানমার নাগরিকের অনুপ্রবেশ ঠেকানো হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৬ লাখ ১৮ হাজার ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ হাজার ১৫৮ বোতল ফেনসিডিল, এক হাজার ৪৬৪ কেজি গাঁজা, ৩০ হাজার ৭৯০ বোতল বিদেশি মদ, ৮২ হাজার ৮৫৯ পিস বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক ট্যাবলেট, ১৬ হাজার ৪২৪ টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১৮ লাখ ৯৫ হাজার ৭৫ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট।
এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৩৯টি শাড়ি, ২ হাজার ৭৭৭টি থ্রিপিস ও শার্টপিস, ৪১ হাজার ৩১৬ মিটার থান কাপড়, ২ হাজার ১৪২টি তৈরি পোশাক, ৯ হাজার ১৯৮ সিএফটি কাঠ এবং ১৪৮ কেজি ওজনের একটি কষ্টি পাথর। ফেব্রুয়ারি মাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ৮৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং ৯ কেজি ৯০০ গ্রাম গান পাউডার।
/জেইউ/এজে








