হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ মে দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এই তারিখ ঠিক করেন।
এ দিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলাটির তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন।
মামলাটিতে এখন পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা হলেন– সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন।
জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এসব সোনা উধাওয়ের বিষয়টি গত বছরের ৩ সেপ্টেম্বর অফিস খোলার পর কর্মকর্তাদের নজরে আসে। এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মূলত যে স্বর্ণ যাত্রীদের কাছ থেকে জব্দ করা হতো তা কাস্টমস হাউজের গুদামে রাখা হয়েছিল। তবে কীভাবে এতো পরিমাণ সোনা উধাও হলো, সে বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
ওই ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন-
৫৫ কেজি স্বর্ণ উধাও: নিরাপত্তার দুর্বলতার সুযোগ নেন ২ রাজস্ব কর্মকর্তা ও ১ সিপাহি
কয়েক মাস আগেই সরানো হয় স্বর্ণ, পরে চুরির নাটক
৫৫ কেজি স্বর্ণ উধাও: ৮ জনকে সন্দেহ পুলিশের
৫৫ কেজি সোনা উধাও: অজ্ঞাতনামাদের আসামি করে চুরির মামলা









