৮ ঘণ্টা শ্রম ৮ ঘণ্টা বিনোদন ৮ ঘণ্টা বিশ্রাম কোথায়

উদিসা ইসলাম
০১ মে ২০২৪, ১২:১৪আপডেট : ০১ মে ২০২৪, ১২:১৪

সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে নাস্তা প্রস্তুত করে সন্তান ও স্বামীকে খাইয়ে, তাদের টিফিন প্রস্তুত করতে ৮টা বেজে যায়। সকাল ৯টায় তারা বেরিয়ে গেলে সুবহা অফিসের জন্য তৈরি হন। বাসা থেকে হাঁটা পথে অফিসে পৌঁছান ১০টার মধ্যে। ‍দুপুরে লাঞ্চ টাইমে ছোট মেয়েটিকে নিয়ে বাসায় ফিরে তাকে খাইয়ে আবারও ফিরে যান অফিসে। বিকাল সাড়ে ৫টার পরে বাসায় ফিরে আবারও রাতের খাবার, সন্তানদের হোমওয়ার্ক, সামাজিকতার নানা বিষয় সুরাহা করা, পরের দিনের তিন বেলা খাওয়ার মেন্যু সেট করে— আগাম প্রস্তুতি শেষে ঘুমাতে যেতে পারেন একটার পরে।

সুবহা বলেন, এই পুরো সময়ে আমাকে স্বামী বেশকিছু কাজে সহায়তা করেন। কিন্তু কাজগুলো আমার হয়ে গেছে। আমি কোনো দিন অসুস্থ থাকলে এই পুরো রুটিন এলোমেলো হয়ে যায়। আমি সন্ধ্যায় রেস্ট পাই না।

যারা চাকরিজীবী নন, তাদের নাগরিক দিনও এভাবেই সাজানো। বরং সন্তানদের স্কুলে আনা-নেওয়ার কাজটিও তাদেরই করতে হয়। দুই ছেলেমেয়ের দুই স্কুলে যাওয়া- আসা নিয়ে দিনে চার বার যাতায়াত করা, ২৪ ঘণ্টা তাদের দেখভাল করার কাজটিও তাদের ওপরে বর্তায়। বাসায় থাকেন— এই অজুহাতে তাদের কাঁধে বাড়তি কাজের পাহাড়।

ইটভাটায় দুই নারী শ্রমিক (ছবি: নাসিরুল ইসলাম)

তাই বলে কি পুরুষরা কেবল ৮ ঘণ্টার কাজ করে বাকি ১৬ ঘণ্টা বিনোদন আর বিশ্রাম পেয়ে থাকেন? অধিকারকর্মীরা বলছেন, নাগরিক জীবনে পুরুষ সদস্য বাসার প্রচুর কাজে যুক্ত থাকেন। তারপরেও তাদের বিশ্রাম ও বিনোদনের সময় অপেক্ষাকৃত বেশি এবং সেটি নিশ্চিত করেন নারী।

১৮৮৬ সালে আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির ৮ ঘণ্টা কাজের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল— সেই স্মৃতিচারণ শত বছরের বেশি সময় চললেও— এখনও বিশ্বজুড়ে নারীরা নিয়মিতভাবে দিনে আট ঘণ্টারও বেশি কাজ করে চলেছেন। ‘আট ঘণ্টা শ্রম, আট ঘণ্টা বিনোদন, আট ঘণ্টা বিশ্রাম’ এর যে অধিকার নারী সে নিশ্চিত করতে পারেনি। শ্রমিক নেতা ও অধিকারকর্মীরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে নারী বিভিন্ন কাজে যুক্ত হয়ে তার কর্মঘণ্টা বাড়িয়েই চলেছেন।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) বলছে, নারীরা বেতন এবং অবৈতনিক— উভয় কাজেই পুরুষদের তুলনায় প্রতিদিন বেশি ঘণ্টা কাজ করে থাকেন। উন্নত বিশ্বে পুরুষরা সহযোগিতা করে বলে দৃশ্যমান হলেও অবৈতনিক পারিবারিক এবং যত্নের কাজে পুরুষদের তুলনায় কমপক্ষে আড়াই গুণ বেশি সময় ব্যয় করতে হয় নারীদের।

তবে নারীর এই অদৃশ্য কাজের কিছু কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য এই প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। ২৩ এপ্রিল দ্বাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠকে নারীর গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

অন্য কাজের ফাঁকে বাচ্চাদের স্কুলে আনা-নেওয়ার কাজটিও করতে হয়। ছবি: খাদেজাতুল কোবরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্মজীবী একজন নারী দিনে গড়ে তিন ঘণ্টার বেশি ঘরে কাজ করেন। পুরুষকে করতে হয় দেড় ঘণ্টার কম। অপরদিকে বাইরে কাজ করেন না— এমন নারী প্রায় ছয় ঘণ্টা গৃহস্থালির কাজ করেন। পুরুষ করেন দুই ঘণ্টার কম। গৃহস্থালির কাজকে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিতে (এসএনএ) যোগ করা গেলে, জিডিপিতে নারীর অবদান দাঁড়াবে ৪৮ শতাংশ। এই কাজকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটা আশান্বিত করে।’

‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির বলেন, ‘‘কিছু কাজকে আমরা সামাজিকভাবে ‘নারীর কাজ’ হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছি। যে কাজগুলো সাধারণভাবে নারীর কাজ বলা হয়— সেসব কাজে পুরুষের অংশগ্রহণ বাড়াতে হবে। এতে নারীর ঘরের কাজের মূল্যায়ন হবে। গৃহস্থালি কাজ কীভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারে— এ নিয়ে নানান ঠাট্টা তামাশাও হয়। কিন্তু অর্থনৈতিক বিবেচনায় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটা নীতিনির্ধারক ও অর্থনীতিবিদদের ঠিক করতে হবে এবং এটা একেবারে আনকোরা এমন নয়।’

/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি