রাজধানীর বাসাবোর কদমতলী এলাকায় নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বেশ কয়েকটি ভবন আংশিকভাবে অপসারণ করা হয়।
রবিবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম।
অভিযান শেষে গণমাধ্যমকে মো. কামরুল ইসলাম বলেন, ‘রাজধানীকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী বাসাবোর কদমতলী এলাকায় রাজউকের নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।’
তিনি আরও বলেন, ‘এখানে নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়েছে। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েডে ব্যত্যয় পাওয়া গেছে। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দিয়েছি। একইসঙ্গে তারা যেন পরবর্তী সময়ে রাজউকের অনুমোদিত নকশা মেনে ইমারত নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।’
স্থানীয়রা জানান, রাজউক নিয়মিত এ ধরনের অভিযান চলমান রাখলে কেউ রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার সাহস পাবে না।
অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার প্রকৌশলী সাব্বিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. নাজিম উদ্দিন, সুমন আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. ইমরান শেখ প্রমুখ।









