সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে গিয়েছেন। লেনপেক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশন-২০২৪-এ যোগ দিতে সোমবার (১৩ মে) যুক্তরাষ্ট্রে উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অ্যাসোসিয়েশন অব ইউনাইটেড স্টেট আর্মির (এইউএসএ) সভাপতি ও সিইও অবসরপ্রাপ্ত জেনারেল রবার্ট বি ব্রাউনের আমন্ত্রণে সরকারি সফরে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।
সফরকালে এস এম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৪ থেকে ১৬ মে দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশনে অংশ নেবেন। এ সিম্পোজিয়ামের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সিম্পোজিয়াম শেষে ১৯ মে দেশে ফিরে আসবেন সেনাবাহিনী প্রধান।









