প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু করতে পেরেছি। হজ যাত্রার কার্যক্রমকে সহজ ও সুষ্ঠু করতে বর্তমান সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সে জন্য আমরা সতর্ক দৃষ্টি রেখেছি।
বুধবার (২২ মে) বিকাল ৩টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে মদিনা হজ ফ্লাইটের উদ্বোধনের সময় তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কোনও হজযাত্রী যেন প্রতারিত না হন, সে দিকে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোনও কাজ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বঙ্গবন্ধু সবসময় সিলেটের প্রশংসা করতেন এবং সিলেটের মানুষকে ভালোবাসতেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে। বিমানবন্দরের আরও উন্নয়নে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা হচ্ছে।’
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে এবং কর্মকর্তা রওশন হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন– বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।









