রাজধানীর পল্লবী এলাকায় জুবায়ের (৮) নামে এক শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু জুবায়ের মারা যায়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা জুবেদা বেগম বাদী হয়ে তার স্বামীকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেছেন। শিশু সন্তান হত্যার অভিযোগে বাবা সেলিম গ্রেফতার রয়েছে।
ওসি বলেন, ১০ বছর আগে জুবেদা বেগম ও সেলিমের বিয়ে হয়। গত কয়েক বছর ধরে তাদের মধ্যে ছাড়াছাড়ির সম্পর্ক ছিল। সেজন্য তাদের ছেলে সন্তান শিশু জুবায়ের কখনও বাবার কাছে থাকতো আবার কখনও মার কাছে থাকতো। গতকাল (বুধবার) জুবেদা সেলিমকে তালাক দেয়। রাতে জুবায়ের তার বাবা সেলিমের সঙ্গে ছিল। রাতেই শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে সকাল ৭টার দিকে জুবায়ের বেশি অসুস্থ হলে সেলিম ও প্রতিবেশীরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে শিশুটি মারা যায়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত শিশুর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, শিশুটির বাবা সেলিম বখাটে প্রকৃতির। তিনি কোনও কর্ম করেন না। ঘটনার পর শিশুর মা বাদী হয়ে বাবা সেলিমকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেলিমকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসা করা হলে সেলিম জানায়, তার ছেলে শিশু জুবায়ের গতকাল রাতে সিঁড়ি থেকে পড়ে আঘাত পেয়েছে।









