বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি চক্রের মূলহোতা আবু জাফরকে (৩১) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)। শুক্রবার (১২ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। রবিবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবির কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গত ২৬ মে তেজগাঁও থানায় এ বিষয়ে একটি মামলা হয়। সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর শওকত আলী বাদী হয়ে মামলাটি করেন। সেই মামলায় জাফরকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ হারুন অর রশীদ জানান, জাফর প্রতারণা করে সিটি ইউনিভার্সিটি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করতো। ওই চক্রের সঙ্গে আইটি বিশেষজ্ঞ জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির একজন সাবেক শিক্ষক ও অফিস সহকারী জড়িত আছে বলে মনে করা হচ্ছে।’
তিনি বলেন, ‘জাফর ২০১১ সালে পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকায় এসে মিরপুরে গার্মেন্টসে চাকরি নেয়। পরে ২০২০ সালে গার্মেন্টেসের চাকরি ছেড়ে দিয়ে শীতের সোয়েটার এবং থ্রি-পিচ বিক্রি শুরু করে। এর মাঝে ২০২৩ সালে আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল কাইয়ুমের সঙ্গে পরিচয় হয় তার। তখন থেকেই সে এনআইডি, পাসপোর্ট সংশোধন ও তৈরির কাজে লিপ্ত হয়।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘২০২৩ সালে বন্ধু মাসুদ জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রির প্রস্তাব দেয় জাফরকে। পরে দুজন নকল সার্টিফিকেট বিক্রির কাজে জড়িয়ে পরে। গত মে মাসে সুমন নামে এক ব্যক্তির মাধ্যমে সিটি ইউনির্ভাসিটির নকল সার্টিফিকেট তৈরি করে বাড্ডা এলাকার এক ব্যক্তির কাছে ১২ হাজার টাকায় বিক্রি করে। তারা বন্ধু মাসুদ আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির দুটি নকল সার্টিফিকেট তৈরি করে ৫০ হাজার টাকায় বিক্রি করে মালয়েশিয়া প্রবাসী দুজন ব্যক্তির কাছে। দ্য কুমিল্লা ইউনিভার্সিটির জাল সার্টিফিকেট নিজে প্রাইভেট চাকরির জন্য তৈরি করে জাফর। এছাড়া সে ও তার বন্ধু মাসুদ মিলে শতাধিক নকল জাল সার্টিফিকেট বিভিন্ন অনলাইন গ্রুপে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি প্রত্যাশীদের কাছে বিক্রি করেছে।’









