ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে পল্লবী থানার মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) পল্লবী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান ও সদস্য সোহেল।
বুধবার (২ অক্টোবর) দুপুরে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ৪ আগস্ট পল্লবী থানার মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন মো. ইমরান হোসেন। এ সময় আন্দোলনরতদের ওপর এলোপাতাড়ি গুলি করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে ইমরান গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে প্রথমে একটি ক্লিনিকে নেয়। আসামিদের ভয়ে চিকিৎসক চিকিৎসা দেয় না। এক পর্যায়ে তার মা ডা. আজমল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইমরানকে মৃত ঘোষণা করেন।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় ইমরানের মা বাদী হয়ে গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইমরানের ওপর আক্রমণের সঙ্গে জড়িত ওই তিন জনকে গ্রেফতার করে পল্লবী থানা-পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।’









