প্রায় ৪০ হাজারের বেশি কাজ-সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনায় নিয়েছে ইতালি দূতাবাস। পুরো প্রক্রিয়া শেষ করে ইতোমধ্যে তারা আবেদনকারীর পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী দুই মাসের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক (অন্তত ২০ হাজার) আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পাসপোর্ট ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস।
দীর্ঘদিন ধরে জমে থাকা ভিসার সব আবেদন দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তাদের কনস্যুলার শাখার লোকবল বাড়ানোসহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইতালি দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতালি দূতাবাস অবহিত করেছে যে জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমা করা সব ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যক বিধায় শুধু কাজের অনুমতিপত্র (নুলা ওস্তা) জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমা করা ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বাড়ছে।
উল্লেখ্য, ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার প্রেক্ষিতে আপিল-সংক্রান্ত বিষয়গুলো শুধু ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য।
অগ্রাধিকারভিত্তিতে ভিসা-সংক্রান্ত এ জটিলতা নিরসনে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ইতালি দূতাবাস। এ বিষয়ে আবেদনকারীসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।








