রাজধানীর দক্ষিণখানে আবাসিক হোটেলে স্বামীকে ছুরিকাঘাত করে পৈশাচিকভাবে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম হাজেরা আক্তার ওরফে নুর।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জ গোপপাড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টায় হাজী হোটেল ইন্টারন্যাশনাল (সাবেক হোটেল আলিফ ইন্টারন্যাশনাল) নামে আবাসিক হোটেলে শাখাওয়াত হোসেন শরীফ ও তার স্ত্রী হাজেরা আক্তার ওরফে নুর রাত যাপন করার জন্য নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। পরদিন সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের সংবাদের মাধ্যমে ওই কক্ষ থেকে শাখাওয়াত হোসেন শরীফের মরদেহ উদ্ধার করা হয়।
থানা পুলিশ সিআইডি ফরেনসিক টিম ও পিবিআই এর সহায়তায় শরীফের মরদেহ শনাক্ত করে। পরে আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়। এ ঘটনায় নিহতের পিতা মো. সাইফুল ইসলাম দক্ষিণখান থানায় অভিযোগ দায়ের করলে ১ অক্টোবর একটি হত্যা মামলা রুজু হয়।
ঘটনার পরপরই দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিমের নেতৃত্বে দক্ষিণখান থানার একটি বিশেষ টিম গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে কেরানীগঞ্জ থানার গোপপাড় এলাকা থেকে নিহত শাখাওয়াত হোসেন শরীফের স্ত্রী হাজেরা আক্তার নুরকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
আসামির স্বীকারোক্তিতে জানা যায়, রাতে হোটেলে দাম্পত্য কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। এক পর্যায়ে স্ত্রী হাজেরা আক্তার ওই রুমে থাকা ফল কাটার চাকু দিয়ে স্বামী শরীফের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। এতে তিনি মারা যান। হাজেরা পরদিন ভোর ৫টার দিকে কৌশলে হোটেল থেকে পালিয়ে যায়।









